খয়রাশোল, সেখ ওলি মহম্মদঃ- রাস্তায় ধান গাছ লাগিয়ে অভিনব প্রতিবাদ জানালো বিজেপি। দীর্ঘদিন ধরে যাতায়াতযোগ্য রাস্তা রীতিমতো বেহাল হয়ে পড়েছে। ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। এমনই চিত্র ধরা পড়ল বীরভূম জেলার খয়রাশোল ব্লকের লাউবেড়িয়া মোড়ে। স্থানীয়দের দাবি, রাস্তার বেহাল দশার ফলে এই বর্ষাকালে চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের৷ তারপরেও হুঁশ ফিরছে না খয়রাশোল ব্লক ও পঞ্চায়েত কর্তৃপক্ষের। জানা যায়, দীর্ঘদিন ধরেই খয়রাশোল ব্লকের খয়রাশোল-বাবুইজোড় রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। সেই কারণেই লাওবেড়িয়া মোড়ে বেহাল রাস্তায় ধান গাছ পুঁতে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী সমর্থকরা। পাশাপাশি খয়রাশোল-বাবুজোড় রাস্তা অবরোধ করেন। দীর্ঘদিন ধরে রাস্তা এতটাই খারাপ যে গাড়িচালক থেকে নিত্য-যাত্রী প্রত্যেকেই ভোগান্তির শিকার। তাছাড়াও রাস্তা খারাপের ফলে যখন-তখন খারাপ হয়ে আছে যানবাহন এবং প্রায়শঃ ঘটছে দুর্ঘটনা। গাড়ির ওভারলোডিং এবং প্রশাসনের উদাসীনতার কারণে রাস্তা বেহাল হয়েছে বলে দাবি করছেন বিজেপি কর্মী সমর্থকরা। যদিও বা পি.ডব্লিউ.ডি. সূত্রে জানা গেছে, এই রাস্তার টেন্ডার হয়ে গেছে, খুব শীঘ্রই রাস্তায তৈরির কাজ শুরু হবে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় জানান, রাস্তা একটু খারাপ আছে জানি। সরকারের নজরে আছে। আমরা জেলা পরিষদে বিষয়টি জানাব। অযথা রাজনীতিকরণ বন্ধ করা দরকার। যেখানে একটু খারাপ রাস্তা রয়েছে সেখানেই বিজেপির লোকেরা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে।
ধানের চারা পুঁতে বিক্ষোভে সামিল বিজেপি।












Leave a Reply