মদনমোহন মন্দিরে পুজো দিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ওরফে নগেন রায়ের বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মনিরুল হক,কোচবিহার: মদনমোহন মন্দিরে পুজো দিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ওরফে নগেন রায়ের বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে অনন্ত মহারাজ অপেক্ষা করছিলেন বাড়ির বাইরে। মমতা সেখানে পৌঁছতেই অনন্ত ছুটে এসে তাঁকে স্বাগত জানান ও গলায় পরিয়ে দেন রাজবংশী উত্তরীয় এবং হাতে তুলে দেন রাজবংশী ঐতিহ্যবাহী গুয়াপান। এদিন তিনি মহারাজের বাড়িতে যাওয়ার পর অনন্ত মহারাজের বাড়ি দেখে মমতা বলেন, এত বড় বাড়ি আমি দেখি নাই কখনও।’ এদিন কোচবিহার চকচকায় অনন্ত মহারাজের বাড়িতে গিয়ে প্রায় ৩৫ মিনিট কথাও বলেন দুজনে। পরে সংবাদমাধ্যমের সামনে অনন্ত মহারাজ বলেন,’মুখ্যমন্ত্রী আমাদের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন।’
যদিও এটিকে সৌজন্য সাক্ষাৎ বলে জানিয়েছেন নগেন। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী দেখা করতে চেয়েছিলেন তাই এসেছিলেন। এর মধ্যে রাজনীতির কোনও বিষয় নেই।’

মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর অনন্ত মহারাজ বলেন,’আমাকে বিজেপি রাজ্যসভার সাংসদ করে পাঠিয়েছে। যেহেতু আমি পদ গ্রহণ করেছি,তাই ৫ বছর থাকব। এরপরের কথা আমি জানি না।’

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনন্ত মহারাজ আরও বলেন, ‘আমি দল (বিজেপি) করি না। আমি দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন করি। আমি দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সংগঠন করি, বিজেপির সাংসদ হয়েছি। আজ পর্যন্ত আমায় কোচবিহারে বিজেপির অফিসে পর্যন্ত দেখা যায় নি। আমি যে বিজেপির একজন সদস্য, আজ পর্যন্ত তাদের কোনও নেতা বলে নি। সেন্ট্রাল টিম এল, তারাও বলছে না। আমাকে মানেই না ওরা। তাহলে আমি কী করব ?’
এরা আমায় কী সম্মান দেবে ? সম্মান দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমতি শাহ। সম্মান দিয়েছেন প্রধানমন্ত্রী, আমার সঙ্গে কোচবিহারে দেখা করেছেন। আমার সঙ্গে বৈঠক করেছেন। এরা কেন ডাকছে না, কেন উলটো পালটা বলছে,আমি জানি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *