দিনে দুপুরে সাইকেল চুরি, ঘটনার খবর জানা জানি হতেই চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দিনেদুপুরে জনবহুল এলাকা থেকে সাইকেল চুরি করছে এক যুবক। আর তা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, হেদায়েত নগর এলাকার বাসিন্দা পঙ্কজ মন্ডল পেশায় কাঠ মিস্ত্রি। তিনি মঙ্গলবার সকালে জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকার একটি বাড়িতে কাজ করতে আসেন। নিজের সাইকেলটি ওই বাড়ির সামনে রেখে দিয়ে তিনি ভিতরে ঢোকেন। কিছুক্ষন পর তিনি বেরিয়েই দেখেন তাঁর সাইকেলটি নেই। জানা গিয়েছে,ওই সাইকেল চুরির ঘটনা ধরা পড়েছে ওই বাড়ির সিসিটিভি ক্যামেরায়। ওই বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানো ছিল। তাতে দেখা যায়, এক যুবক বাড়ির সামনে আসে। বাড়ির সামনে থেকে সাইকেল টি নিয়ে চলে যায়। এই ঘটনার খবর জানা জানি হতেই চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। এদিকে, সাইকেল চুরির বিষয়টি জটেশ্বর পুলিশ ফাঁড়িতে জানিয়েছেন পঙ্কজ মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *