পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ২১শে জুলাই, তৃণমূল কংগ্রেসের ঐতিহ্যবাহী শহীদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় শহীদ সভার প্রস্তুতি ইতিমধ্যেই জোরকদমে চলছে। সেই সভার সমর্থনে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অর্জুনী অঞ্চলে রবিবার বিকেলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল বাইক মিছিল অনুষ্ঠিত হয়।
এই বাইক মিছিলে অংশগ্রহণ করেন কয়েকশো তৃণমূল কর্মী ও সমর্থক। উপস্থিত ছিলেন খড়গপুর গ্রামীণ বিধানসভার বিধায়ক দিনেন রায়সহ অঞ্চল ও জেলা স্তরের একাধিক তৃণমূল নেতৃত্ব। এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিল কর্মসূচি, যাতে গোটা অঞ্চলজুড়ে শহীদ দিবসের বার্তা পৌঁছে দেওয়া হয়।
আগামীকাল ২১শে জুলাই ধর্মতলার শহীদ মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। তাঁর সঙ্গে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব। শহীদ দিবসকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তৃণমূল কর্মীদের মধ্যে চাঙ্গা মনোভাব দেখা যাচ্ছে, যার প্রতিফলন খড়গপুরের বাইক মিছিলেও পরিলক্ষিত হয়েছে।
এই মিছিলের মাধ্যমে দলীয় নেতৃত্ব শহীদ দিবসের তাৎপর্য সাধারণ মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন বলে জানা গেছে। এছাড়াও ২১শে জুলাইয়ের সভায় কর্মী-সমর্থকদের বিপুল উপস্থিতি নিশ্চিত করতেই এমন উদ্যোগ বলে জানান সংগঠকরা।












Leave a Reply