নিজস্ব সংবাদদাতা, মালদা | হরিশ্চন্দ্রপুর, ২৭ জুলাই:
অবৈধভাবে গাছ কেটে পাচারের সময় মাফিয়াদের হাতে আক্রান্ত হয়ে গুরুতর আহত হলেন বরুই গ্রামের বাসিন্দা স্বরূপ কুমার মিত্র। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বরুই গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমিজমা সংক্রান্ত শরিকি বিবাদের জেরে চাঁচল কোর্টে মামলা চলছিল। সেই জমির উপর থাকা ছয়টি বড় গাছ স্বরূপ কুমার মিত্রের অনুপস্থিতিতে কেটে পাচারের চেষ্টা করে কিছু মাফিয়া। অভিযোগ, এলাকার এক তৃণমূল নেতা বিক্রম দাসের মদতে এই বেআইনি কাজটি করা হয়।
ঘটনার দিন স্বরূপবাবু গাছ পাচারকারী একটি গাড়ি বরুই পুলিশ ক্যাম্পের কাছে আটকে দেন। এরপর পাচারকারীরা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে, তিনি বাইকে করে ধাওয়া করেন। চাঁচলের মাধবপুর ব্রিজের কাছে মাফিয়ারা তাঁকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয় বলে অভিযোগ। এতে তিনি গুরুতর আহত হন এবং বাইকটি ভেঙে যায়।
খবর পেয়ে খরবা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং গাড়িটি আটক করে। গাড়িতে থাকা কিছু গাছের গুঁড়িও উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা ঘটনার পর পলাতক।
আহত স্বরূপ কুমার বর্তমানে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি অভিযোগ করে বলেন,
“আমি বেঙ্গালুরুতে চিকিৎসার জন্য গিয়েছিলাম। সেই সুযোগে এলাকার কিছু মাফিয়া আমার গাছ কেটে পাচার করছিল। আমি গাড়ি আটকালে তারা পালাতে চেষ্টা করে এবং আমাকে রাস্তায় ফেলে দিয়ে পালায়।”
অভিযুক্ত তৃণমূল নেতা বিক্রম দাস পাল্টা দাবি করেন,
“স্বরূপের নামে জমির কোনও কাগজ নেই। তিনি অন্য শরিকদের জমি দখল করে রেখেছেন। আমরা গাছ কিনে নিয়েছি।”
চাঁচল ফরেস্ট রেঞ্জ অফিসার দুলাল সরকার জানান,
“আমাদের কাছ থেকে গাছ কাটার কোনও অনুমতি নেওয়া হয়নি। বেআইনিভাবে গাছ কাটা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, গাড়িটি থানায় আটক রয়েছে এবং চালক ও অন্যান্য অভিযুক্ত পলাতক।












Leave a Reply