দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দিল্লি ও হরিয়ানা সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে বসবাসকারী পরিযায়ী শ্রমিকদের উপর পুলিশ প্রশাসনের চরম দমননীতি ও হেনস্থার অভিযোগ উঠেছে। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও স্থানীয় পুলিশ ও প্রশাসনের মারধর, হুমকি এবং চাপের মুখে পরিবার-পরিজনসহ ঘরে ফিরতে বাধ্য হচ্ছেন বহু বাঙালি শ্রমিক।
সোমবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের রাঙ্গাপুকুর এলাকায় দেখা যায়, প্রায় ২০০–২৫০ জন পরিযায়ী শ্রমিক তিনটি নাইট সার্ভিস বাস রিজার্ভ করে দিল্লি থেকে ফিরে এসেছেন। প্রত্যেকে পরিবারের সদস্যসহ দীর্ঘদিন দিল্লি ও হরিয়ানার বিভিন্ন জায়গায় বসবাস করছিলেন ও শ্রমিকের কাজ করতেন। অথচ সম্প্রতি স্থানীয় প্রশাসনের তরফ থেকে তাদের স্পষ্ট জানানো হয়—৩১ জুলাইয়ের মধ্যে এলাকা না ছাড়লে নেওয়া হবে ‘কঠোর আইনি ব্যবস্থা’।
ফলে আতঙ্কিত শ্রমিকরা দিল্লি ও হরিয়ানায় থাকা নিজেদের ঘরের আসবাবপত্র পর্যন্ত বাসের ছাদে তুলে আনেন। রীতিমতো বাস্তুচ্যুত মানুষের মতো নিজেদের গ্রামে ফিরে আসেন।
প্রতিবাদ জানিয়ে স্থানীয়দের বক্তব্য, “ভারতের নাগরিক হয়ে দিল্লি বা হরিয়ানায় কাজ করা কি অপরাধ? সরকার কেন বাংলাভাষীদের এভাবে দেশছাড়া করছে?”
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের আচরণ শুধুমাত্র মানবিক অধিকার লঙ্ঘনের উদাহরণই নয়, সংবিধানবিরোধীও বটে। স্থানীয় প্রশাসনের তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।












Leave a Reply