তিস্তার জলস্ফীতি, ডুবে গেল জাতীয় সড়ক — শিলিগুড়ি-সিকিম যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন।

শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গ এবং সিকিমে অবিরাম বর্ষণের জেরে তিস্তা নদীর জলস্ফীতি ভয়াবহ আকার ধারণ করেছে। গতকাল রাত থেকে এই বন্যা পরিস্থিতি তীব্র হয়ে ওঠে, যার ফলে ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশ তিস্তার জল প্রবাহে তলিয়ে যায়। বিশেষ করে তিস্তা বাজার ও ২৯ মাইলের আশেপাশের এলাকাগুলিতে পরিস্থিতি উদ্বেগজনক।

এই পরিস্থিতিতে শিলিগুড়ি থেকে সিকিম এবং কালিম্পংগামী সমস্ত সড়ক যোগাযোগ কার্যত ছিন্ন হয়ে গেছে। বিপাকে পড়েছেন শতাধিক যাত্রীবাহী ও পণ্যবাহী ছোট-বড় যানবাহনের চালক ও যাত্রীরা।

গতকাল সকাল থেকে উত্তর সিকিমে প্রবল বৃষ্টিপাত চলছে। তার জেরে তিস্তার জলস্তর দ্রুত বৃদ্ধি পায় এবং তা আশঙ্কাজনক হয়ে ওঠে। কালিম্পং জেলা প্রশাসনের তরফে রাতেই মাইকিং করে সতর্ক করা হয় মল্লি, তিস্তা বাজার, রম্ভি ও ২৯ মাইল এলাকার বাসিন্দাদের।

বিপর্যয় মোকাবিলা দফতর ও স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে। তবে আপাতত ঘুরপথে লাভা হয়ে কালিম্পং অথবা সিকিম যাওয়া সম্ভব হলেও, সেই পথ অত্যন্ত সময়সাপেক্ষ এবং বিপজ্জনক বলেই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে ১০ নম্বর জাতীয় সড়কে আটকে পড়া গাড়িগুলির যাত্রা পুনরায় কবে শুরু হবে, তা এখনই বলা সম্ভব নয়। যতক্ষণ না নদীর জলস্তর নামছে, ততক্ষণ গাড়ি চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

পরিস্থিতি আরও না খারাপ হয় সেই কারণে প্রশাসন সর্বতোভাবে সতর্ক এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও সূত্রের খবর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *