শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা: সিকিমের পাহাড়ি অঞ্চলে এক রাতের প্রবল বর্ষণে ফুঁসছে তিস্তা নদী। নদীর জলস্তর হু-হু করে বাড়ায় ১০ নম্বর জাতীয় সড়ক পরিণত হয়েছে নদীতে। কোথাও হাঁটু সমান জল, কোথাও আবার তার চেয়েও বেশি। দেখে বোঝার উপায় নেই—এ সড়ক, না নদী!
সোমবার রাত থেকেই যান চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে প্রশাসন।
এই সড়ক শিলিগুড়ি থেকে সিকিম এবং কালিম্পং যাওয়ার প্রধান পথ হওয়ায় বিপাকে পড়েছেন হাজারো যাত্রী ও সাধারণ মানুষ। স্থানীয়দের বিকল্প রুট হিসাবে লাভা-আলগাড়া-গরুবাথান রুট ব্যবহার করতে হচ্ছে, যা সময় ও দূরত্ব—উভয় দিক থেকেই কষ্টসাধ্য।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারেও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে করছে জেলা প্রশাসন। জল নামার সম্ভাবনা নেই বললেই চলে।
জলমগ্ন রাস্তায় ভেসে যাচ্ছে দোকানঘর, ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসাও।
রাত থেকেই তিস্তার তীরে বসবাসকারী মানুষজন আতঙ্কে সময় কাটাচ্ছেন। কিছু এলাকায় ছোটো ছোটো ধস নামার খবরও এসেছে, যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি এখনও পর্যন্ত।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির ওপর টানা নজর রাখা হচ্ছে এবং স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত রয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।












Leave a Reply