বালুরঘাটে শুরু হল তিনদিনব্যাপী বাউল লোকশিল্পীদের আঙ্গিকভিত্তিক কর্মশালা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- পশ্চিমবঙ্গের বাউল সংস্কৃতিকে আরও সমৃদ্ধ এবং সংগঠিত করার লক্ষ্যে আজ ২৯শে জুলাই, মঙ্গলবার থেকে বালুরঘাটের রবীন্দ্রভবনে শুরু হয়েছে তিনদিনব্যাপী আঙ্গিক ভিত্তিক বাউল লোকশিল্পীদের কর্মশালা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এই কর্মশালাটি আয়োজন করেছে লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, সহযোগিতায় রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর

উত্তর দিনাজপুর জেলা থেকে আগত দুই বিশিষ্ট প্রশিক্ষক—তরণী সেন মহন্ত এবং গোকুল চন্দ্র দাস—এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করছেন। তিনদিনের এই আয়োজনে বাউল সংগীতের নানা দিক যেমন: সুর, বোল, ভাবধারা ও পরিবেশনার কৌশল নিয়ে বিশদে আলোচনা করা হচ্ছে।

এছাড়াও কর্মশালার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো—কীভাবে বাউল সংগীতের মাধ্যমে সরকারের বিভিন্ন জনমুখী এবং উন্নয়নমূলক কর্মসূচি সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরা যায়—সেই বিষয়েও আলোচনা ও পর্যালোচনা।

এই কর্মশালায় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক আজিজুর রহমান, যিনি কর্মশালার উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদে বক্তব্য রাখেন।

এই ধরণের কর্মশালা জেলার বাউল শিল্পীদের জন্য এক বড় সুযোগ—তাঁদের সৃষ্টিকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি সামাজিক বার্তা ছড়িয়ে দিতে নতুন দিগন্ত খুলে দিতে পারে বলেই মনে করছেন অংশগ্রহণকারীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *