পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: “আমার পাড়া, আমার সমাধান” কর্মসূচিকে ঘিরে আয়োজিত বিশেষ বৈঠকেই ফুটে উঠল তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর পৌরসভা। বৈঠক চলাকালীন নেতাদের মধ্যে বাদানুবাদ ও ক্ষোভ প্রকাশের এক ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, যা শাসকদলের অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
বিষয়টি আরও জটিল হয়ে ওঠে, কারণ দিন দুয়েকের মধ্যেই মুখ্যমন্ত্রীর এই জেলার সফর রয়েছে। ঠিক সেই প্রেক্ষাপটেই বিশেষ এই বৈঠক ডাকা হয় খড়্গপুর পৌরসভার মিটিংরুমে। উপস্থিত ছিলেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সুজয় হাজরা, খড়্গপুর পৌরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও নেতাকর্মীরা।
মিটিং চলাকালীন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক তথা প্রভাবশালী নেতা অসিত পাল প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দেন। যদিও তাঁর ক্ষোভের বিষয়টি তিনি সংবাদমাধ্যমের সামনে খোলসা করেননি, তবে সূত্রের খবর অনুযায়ী, এটি দলীয় নেতৃত্ব সংক্রান্ত এবং শহরের কিছু ঘটনাকে কেন্দ্র করেই অসন্তোষ তৈরি হয়েছে।
চেয়ারপার্সন কল্যাণী ঘোষ জানান, তিনজন তৃণমূল নেতা — জওহর পাল, অসিত পাল ও দেবাশীষ চৌধুরীর — তরফ থেকেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রীর একটি ফ্লেক্স পড়ে যাওয়াকে কেন্দ্র করেই মূলত বিরোধের সূত্রপাত। তাঁর কথায়, “এভাবে বিক্ষোভ দেখালে দলেরই বদনাম হয়।”
প্রসঙ্গত, মাস খানেক আগেও খড়্গপুর শহরে মুখ্যমন্ত্রীর “সেফ ড্রাইভ, সেভ লাইফ” সংক্রান্ত একটি ফ্লেক্স রেল কর্তৃপক্ষ সরিয়ে দেয়, যা নিয়ে শাসকদল ও রেলের মধ্যে প্রবল চাপানউতোর হয়েছিল। পরে অবশ্য তা পুনরায় রেলের জায়গাতেই স্থাপন করা হয়।
ভিডিওর সত্যতা যাচাই না হলেও ভাইরাল হওয়ার পর তা নিয়ে দলের অন্দরমহলে চাঞ্চল্য ছড়িয়েছে। মুখ্যমন্ত্রীর সফরের আগে দলের অভ্যন্তরীণ এই কোন্দল প্রশাসনিক প্রস্তুতিতেও ছায়া ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল।
শেষ কথা, “সমাধানের” মঞ্চেই যখন প্রশ্ন ওঠে ঐক্য নিয়ে, তখন রাজনৈতিক বার্তা হয়ে দাঁড়ায় এক টুকরো ভাইরাল ভিডিও।












Leave a Reply