কৃষি আধিকারিকদের অনন্য প্রয়াস, কুশমন্ডির অনাথ আশ্রমে ছড়াল ভালোবাসা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের “নীলকণ্ঠ স্বর্গীয় অনাথ আশ্রম”-এ অনুষ্ঠিত হলো এক হৃদয়স্পর্শী সামাজিক কর্মসূচি। রাজ্যের কৃষি আধিকারিকদের সংগঠন স্টেট এগ্রিকালচার টেকনোলজিস্ট সার্ভিস অ্যাসোসিয়েশন (সাটসা) -র দক্ষিণ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে অনাথ শিশুদের জন্য তুলে দেওয়া হল খাদ্য, বস্ত্র এবং শিক্ষাসামগ্রী।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়। তিনি শিশুদের হাতে তুলে দেন প্রয়োজনীয় উপহারসামগ্রী এবং তাঁদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আশীর্বাদ জানান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিক, স্থানীয় সমাজকর্মী ও সাটসার সদস্যরা।

সাটসা’র এই সামাজিক দায়বদ্ধতা-ভিত্তিক কর্মসূচি প্রশংসিত হয়েছে স্থানীয় স্তরে। সংগঠনের এক প্রতিনিধি জানান, “শুধু কৃষিক্ষেত্রে কাজ করাই আমাদের উদ্দেশ্য নয়, সমাজের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে—তাই আমরা চেষ্টা করি এই ধরনের উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে থাকতে।”

আশ্রমের কর্তৃপক্ষ ও শিশুরাও এই কর্মসূচিকে আন্তরিকভাবে স্বাগত জানান। আশ্রমের তরফে জানানো হয়, “এই সহায়তা শুধুই বস্তুগত নয়, এটি আমাদের শিশুদের মনে নতুন আশার আলো জাগিয়েছে।”

এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো, প্রশাসনিক ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক স্পর্শে সমাজ গঠনে এগিয়ে আসা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *