হিলি, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা ৩ আগস্ট: হিলি ব্লকের তিওড়ে আজ অনুষ্ঠিত হলো এক বিশেষ সচেতনতামূলক সেমিনার, যার মূল উদ্দেশ্য ছিল নারী ও শিশু পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা। এই একদিনের সেমিনারের আয়োজক ছিল উজ্জীবন সোসাইটি, সহযোগিতায় বিএসএফ।
সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় কমান্ডার হানুতা রাম, হিলি বিওপি, বিএসএফ, সুবর্ণা বিশ্বাস হিলি বিওপির আধিকারিক, বালুরঘাট জেলা আদালতের আইনজীবী দেবাঙ্গনা ঘোষ দস্তিদার, বিশিষ্ট শিক্ষক ও সাহিত্যিক শ্যামল চক্রবর্তী, উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাস, সভাপতি অমলচন্দ্র মন্ডল, সহ-সম্পাদক পরিমল মাহাতো, সমাজকর্মী শোভন ঘোষ প্রমুখ। মুখ্য বক্তা হিসেবে সম্পাদক সুরজ দাস জানান, “দক্ষিণ দিনাজপুর জেলায় নারী ও শিশু পাচার রোধে বিএসএফ এবং উজ্জীবন সোসাইটির যৌথ উদ্যোগ ভবিষ্যতেও জোরদারভাবে চলবে।” বিএসএফ কমান্ডার হানুতা রাম বলেন, “মানব পাচার একটি গুরুতর সামাজিক অপরাধ, এর বিরুদ্ধে লড়াইয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।” দেবাঙ্গনা ঘোষ দস্তিদার নারী পাচারের বিভিন্ন দিক নিয়ে তাঁর বক্তব্যে আলোকপাত করেন। সেমিনারে বালুরঘাট আইন মহাবিদ্যালয় এবং নেতাজি সুভাষ মুক্ত মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ বহু সচেতন নাগরিক অংশগ্রহণ করেন। সেমিনার শেষে সকল আইন কলেজের ছাত্র ছাত্রীদের হাতে উজ্জীবন সোসাইটির পক্ষ থেকে শংসাপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানটি নারী ও শিশু সুরক্ষায় এলাকাবাসীর মধ্যে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।












Leave a Reply