“আমার পাড়া, আমার সমাধান” বৈঠকে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল! খড়্গপুরের ভাইরাল ভিডিওতে অস্বস্তিতে শাসকদল।

খড়্গপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত “আমার পাড়া, আমার সমাধান” কর্মসূচি চলাকালীনই অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ল শাসক দল তৃণমূল কংগ্রেস। পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর পৌরসভার একটি বিশেষ বৈঠকে প্রকাশ্যে এল দলের অভ্যন্তরীণ বিরোধ—যার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে রীতিমতো চাপে তৃণমূল নেতৃত্ব।

সোমবার ওই বিশেষ বৈঠকটি ডাকা হয়েছিল খড়্গপুর পৌরসভার মিটিং রুমে, যেখানে আলোচনা হওয়ার কথা ছিল “আমার পাড়া, আমার সমাধান” কর্মসূচি এবং মুখ্যমন্ত্রীর আসন্ন জেলা সফর নিয়ে। উপস্থিত ছিলেন জেলার সাংগঠনিক তৃণমূল সভাপতি সুজয় হাজরা, খড়্গপুর পৌরসভার পৌরপ্রধান কল্যাণী ঘোষ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও দলের শীর্ষস্থানীয় নেতারা।

বৈঠক চলাকালীন হঠাৎ করে জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক ও দাপুটে নেতা অসিত পাল প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর সেই ক্ষোভের ভিডিওই বর্তমানে ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। যদিও তিনি ঠিক কী নিয়ে ক্ষুব্ধ, তা সংবাদমাধ্যমের সামনে খোলসা করেননি। তবে পৌরপ্রধান কল্যাণী ঘোষ দাবি করেছেন, তার বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন তিন নেতা—জওহর পাল, অসিত পাল ও দেবাশীষ চৌধুরী।

তিনি আরও জানান, সম্প্রতি খড়্গপুর শহরে মুখ্যমন্ত্রীর একটি ফ্লেক্স পড়ে যাওয়াকে কেন্দ্র করেই ক্ষোভের সূত্রপাত। সেই ঘটনার জেরে দলের অভ্যন্তরে ভাঙন শুরু হয়েছে বলেই মনে করছেন অনেকে। কল্যাণী ঘোষের কথায়, “দলীয় বৈঠকে এভাবে বিক্ষোভ দেখানো মানে দলের বদনাম করা। যারা এটা করছে, তারা নিজেদের পরিচয় হারাচ্ছে।”

প্রসঙ্গত, মাস খানেক আগেই খড়্গপুর শহরে মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ সেভ লাইফের একটি ফ্লেক্স রেল কর্তৃপক্ষ সরিয়ে দিয়েছিল, যা ঘিরে রেল ও শাসক দলের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। পরে অবশ্য রেলের জমিতেই পুনরায় লাগানো হয় সেই ফ্লেক্স।

ভিডিওটি ভাইরাল হলেও তার সত্যতা এখনও যাচাই হয়নি বলে সংবাদমাধ্যম জানিয়েছে। তবে এই ঘটনার ফলে জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন করে প্রকাশ্যে চলে এলো, যা মুখ্যমন্ত্রীর সফরের প্রাক্কালে শাসকদলের অস্বস্তি আরও বাড়িয়ে দিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *