মল্লিকপাড়ায় ডাম্পার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত চালক, তীব্র যানজটে চাঞ্চল্য।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের আঁধারনয়ন অঞ্চলের মল্লিকপাড়া এলাকায় সোমবার সকালে ঘটে গেল এক দুর্ঘটনাজনিত চাঞ্চল্য। রাজ্য সড়কে ডাম্পার ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হন পিকআপ ভ্যানের চালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রকোনারোড থেকে ঘাটালগামী রাজ্য সড়ক ধরে আসছিল একটি ডাম্পার। বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানটির সঙ্গে হঠাৎ মুখোমুখি সংঘর্ষ ঘটে যায়। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে, পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতরভাবে আহত হন।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত চালককে উদ্ধার করেন এবং তড়িঘড়ি করে কাছের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। চিকিৎসক সূত্রে জানা গেছে, চালকের অবস্থা স্থিতিশীল হলেও আঘাত গুরুতর।

এদিকে দুর্ঘটনার কারণে রাজ্য সড়কে বেশ কিছু সময় যানজটের সৃষ্টি হয়। অফিস টাইমে এই দুর্ঘটনার জেরে সাধারণ মানুষ এবং যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়।

ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *