জগজীবনপুর থেকে বাহাদুরপুর পর্যন্ত র‍্যালিতে অংশ নিলেন শত শত মানুষ।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদা জেলার হবিবপুরে অনুষ্ঠিত হলো একতা যাত্রা। এদিন হবিবপুর ব্লকের জগজীবনপুর থেকে র‍্যালির সূচনা হয় এবং বাহাদুরপুর পাগলা বাবার মন্দির পর্যন্ত পদযাত্রা এগিয়ে যায়। জাতীয় পতাকা হাতে সুসজ্জিত এই যাত্রাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিভিন্ন স্তরের মানুষ—যুব সমাজ, ছাত্রছাত্রী সহ বহু গ্রামবাসী এতে সামিল হন।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রতাপ চন্দ্র সিং, হবিবপুরের বিধায়ক জয়েল মুর্মু সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। দেশভক্তিমূলক স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রতাপ চন্দ্র সিং বক্তব্য রাখতে গিয়ে বলেন, “সর্দার বল্লভ ভাই প্যাটেল ভারতবর্ষের ঐক্য ও অখণ্ডতার প্রতীক। তাঁর জীবনদর্শন আজও দেশকে পথ দেখায়।” তিনি প্যাটেলের নেতৃত্ব, দূরদৃষ্টি, দেশপ্রেম, ত্যাগ ও সংগ্রামের কথা তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে তাঁর আদর্শ অনুসরণ করার আহ্বান জানান।

আয়োজকদের দাবি, এই একতা যাত্রার লক্ষ্য ছিল দেশের সংহতি, সম্প্রীতি ও জাতীয় চেতনার বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া। র‍্যালিতে অংশ নেওয়া বহু মানুষ জানান, সর্দার প্যাটেলের মতো মহান নেতার জন্মবার্ষিকীতে এমন উদ্যোগ তাঁদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে।র‍্যালি শেষে বাহাদুরপুর এলাকায় একটি পথসভার মধ্যে দিয়ে সর্দার বল্লভ ভাই প্যাটেলের ছবিতে পুষ্প অর্ঘ্য করে অনুষ্ঠানে বিভিন্ন বক্তার বক্তব্য রাখেন। সমগ্র কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উদ্দীপনা দেখা যায় এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *