ইভটিজিংয়ের প্রতিবাদ করায় আক্রান্ত প্রধান শিক্ষক, লিখিত অভিযোগ মানিকচক থানায়।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন মানিকচকের এনায়েতপুর হাই স্কুলের প্রধান শিক্ষক বদিউজ্জামান সাহেব। ঘটনার পর তিনি মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার স্কুলের সামনে বেশ কয়েকজন বহিরাগত যুবক ঘোরাঘুরি করছিল। ঠিক সেই সময় স্কুলের বহু ছাত্রী ক্যাম্পাসে প্রবেশ করছিল। অভিযোগ, ওই বহিরাগত যুবকেরা ছাত্রীদের উদ্দেশে কু-ইঙ্গিত ও অশালীন মন্তব্য করতে থাকে।

এই দৃশ্য দেখে প্রধান শিক্ষক বদিউজ্জামান মহাশয় স্কুলের প্রধান ফটকে দাঁড়িয়ে প্রতিবাদ জানান এবং বহিরাগত যুবকদের সেখানে থাকার কারণ জানতে চান। সেই সময় উত্তেজিত যুবকদের একজন বাইকের চাবি দিয়ে তাঁর মাথায় আঘাত করে। রক্তাক্ত হয়ে পড়েন প্রধান শিক্ষক।

ঘটনাস্থলে উপস্থিত স্কুলের এক অস্থায়ী কর্মী ও স্থানীয় এক দোকানদার তৎক্ষণাৎ একজন যুবককে ধরে ফেলেন। পরে আহত প্রধান শিক্ষককে দ্রুত মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রধান শিক্ষক জানান,
“বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে বহিরাগত কিছু যুবক স্কুলের সামনে ভিড় করছে। নানা অভিযোগও পাচ্ছিলাম। তাই নিজেই গেটের সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি ছাত্রীদের ইভটিজিং করা হচ্ছে। বাধা দিতেই চাবি দিয়ে মাথায় আঘাত করা হয়।”

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *