মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- বিপুল অঙ্কের ব্যবসায়িক ঋণ পরিশোধ না করায় অবশেষে কঠোর পদক্ষেপ নিল ইন্ডিয়ান ব্যাঙ্ক। ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে,২০১৩ সালে হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা শাখা এলাহাবাদ ব্যাঙ্ক থেকে ৯ কোটি ৬০ লক্ষ টাকা ব্যবসায়িক ঋণ নিয়েছিল বাকি বিহারি এগ্রো টেক প্রাইভেট লিমিটেড নামের একটি চালকল।হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের কোরিয়ালি এলাকার কিরণ দেবী আগারওয়াল,শীতল মোদি ও সঙ্গীতা আগারওয়াল তিনজন মহিলার নামে ঋণ ছিল। দীর্ঘদিন ধরে ঋণ অনাদায়ী থাকায় বর্তমানে ওই ঋণের মধ্যে ৫ কোটি ৬৩ লক্ষ টাকা বকেয়া রয়েছে বলে জানা গিয়েছে।ঋণের বিপরীতে বন্ধক রাখা ছিল তুলসিহাটার কুস্তুরিয়া এলাকায় অবস্থিত প্রায় ৪ বিঘা জমির উপর নির্মিত একটি রাইস মিল। ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, একাধিকবার নোটিস পাঠানো এবং ব্যাঙ্কে ডেকে এনে ঋণ পরিশোধের নির্দেশ দেওয়া হলেও ঋণগ্রহীতাদের পক্ষ থেকে কোনও সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি। এরপর সমস্ত আইনি প্রক্রিয়া মেনে বৃহস্পতিবার চালকলটি সিল করে দেওয়া হয়। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দিনে বাজেয়াপ্ত চালকল ও সংশ্লিষ্ট সমস্ত সম্পত্তি নিলামের মাধ্যমে বিক্রি করে বকেয়া আদায় করা হবে। এদিন উপস্থিত ছিলেন মালদহ জেলার ইন্ডিয়ান ব্যাঙ্কের প্রধান শাখার চিফ ম্যানেজার পঙ্কজ কুমার, তুলসিহাটা ইন্ডিয়ান ব্যাঙ্ক শাখার ব্যাঙ্ক ম্যানেজার মুন্না রাজক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতিশ দাস। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে মোতায়েন ছিল হরিশ্চন্দ্রপুর থানা ও জেলার বিশাল পুলিশ বাহিনী। ব্যাঙ্কের এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের একাংশের মতে, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা চালকল নিয়ে নানা প্রশ্ন ও জল্পনা চলছিল। ব্যাঙ্ক কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, আইন মেনেই পরবর্তী সব পদক্ষেপ নেওয়া হবে।
২০১৩ সালের ঋণ মামলায় মোড় ঘোরাল ব্যাঙ্ক, ৫ কোটি ৬৩ লক্ষ বকেয়ায় মিল সিল।












Leave a Reply