উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার করনদীঘি লাইব্রেরী ময়দানে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুশ্রম বন্ধে সচেতনতা মূলক একটি কর্মশালা আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করনদীঘির বিধায়ক গৌতম পাল, জেলা চাইল্ড প্রোটেকশন ইউনিটের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অরুপ দে, করনদীঘির বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী, চাইল্ড লাইনের দ্বায়িত্বপ্রাপ্ত উত্তম দাস, আইএনটিটিইউসির করনদীঘি ব্লক সভাপতি লিয়াকত আলি বাবলু এবং স্থানীয় পুলিশ আধিকারিকরা।
কর্মশালায় জানানো হয়, উত্তর দিনাজপুর জেলার করনদীঘি ব্লকে ১৮ বছরের কম বয়সী মেয়েদের বাল্যবিবাহের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা সম্পূর্ণ আইনবিরোধী। প্রশাসনিক উদ্যোগে গোপন সংবাদের ভিত্তিতে কিছু ক্ষেত্রে বাল্যবিবাহ রোধ করা হয়েছে। এছাড়াও শিশুদের কারখানা ও দোকানে কাজ করানো, বিশেষত পরিযায়ী শ্রমিক হিসেবে ভিনরাজ্যে পাঠানো, বেআইনি এবং গর্হিত অপরাধ হিসেবে গণ্য হয়। এ ধরনের কার্যকলাপে জেল ও জরিমানা দুটোই হতে পারে।
বিধায়ক গৌতম পাল কর্মশালায় বলেন, “শিশুশ্রমিক ব্যবহার বন্ধ করতে সকলকে উদ্যোগী হতে হবে। সামাজিক সচেতনতা ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।” এছাড়াও জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে, বাল্যবিবাহ বা শিশুশ্রম সংক্রান্ত খবর জানাতে ১০৯৮ নম্বরে ফোন করার জন্য। অভিযোগের ক্ষেত্রে নাম ও পরিচয় গোপন রাখা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
করনদীঘিতে বিধায়কসহ প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে সচেতনতা অভিযান।












Leave a Reply