দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- শিশু-কিশোর নাট্যচর্চায় সুপরিচিত চেতলা কৃষ্টি সংসদের উদ্যোগে ২৬ ডিসেম্বর থেকে কলকাতায় শুরু হলো ৩১তম শিশু নাট্য উৎসব। তিন দিনব্যাপী এই উৎসবে ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর—মোট ছ’টি নাটক মঞ্চস্থ হওয়ার কথা। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্থপতি অঞ্জন উকিল, নাট্যকর্মী তুহিনশুভ্র মণ্ডল, আয়োজক সংস্থার প্রধান পিনাকী গুহ, শিশু শিল্পী দুহিতা ব্যানার্জী ও কিশোর শিল্পী অঙ্কিতা বিশ্বাস।
উৎসবের প্রথম দিনের উদ্বোধনী নাটক হিসেবে মঞ্চস্থ হয় বালুরঘাটের কথক শিশু কিশোর নাট্য বিদ্যালয়ের প্রযোজনা ‘আমরা কোন্ পথে হাঁটছি?’। এটি কলকাতায় নাটকটির ষষ্ঠ মঞ্চায়ন। এর আগে এসো নাটক শিখির উদ্যোগে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে হয়েছিল নাটকটির পঞ্চম প্রযোজনা। এবারের উৎসবে কলকাতার পাঁচটি নাট্যদলের প্রযোজনার পাশাপাশি জেলার বাইরে থেকে একমাত্র আমন্ত্রিত নাটক ছিল এই বালুরঘাটের প্রযোজনা।
নাটকটির মূল বিষয়বস্তু শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ। মহলা কক্ষ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের শৌচালয়—এই প্রতীকী যাত্রার মধ্য দিয়ে নাটকটি প্রশ্ন তোলে বর্তমান শিক্ষা ব্যবস্থার কাঠামো ও তার সীমাবদ্ধতা নিয়ে। জঙ্গলের দৃশ্যের রূপক ব্যবহারে তুলে ধরা হয়েছে শিশু-কিশোরদের জন্য প্রয়োজনীয়, মানবিক ও সৃজনশীল শিক্ষাব্যবস্থার কাঙ্ক্ষিত রূপ।
নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন তুহিনশুভ্র মণ্ডল। অভিনয়ে অংশ নিয়েছেন সায়ন্তিকা, তনুশিয়া, তপজ্যোতি, অদ্রিকা, শ্রেয়াংশু, মনোসৃজা, অনিরুদ্ধ, মধুস্মিতা, সমৃদ্ধি, আরশি, অদ্রিজা এবং নির্দেশক তুহিনশুভ্র মণ্ডল নিজে।
চেতলা কৃষ্টি সংসদের নির্দেশক পিনাকী গুহ জানান, শিশু-কিশোরদের চেতনা বিকাশ ও সামাজিক দায়বদ্ধতা তৈরির লক্ষ্যেই তাঁদের এই নাট্য উৎসবের আয়োজন। তিনি আরও বলেন, “কলকাতার বাইরে থেকে একমাত্র নাট্যদল হিসেবে কথক শিশু কিশোর নাট্য বিদ্যালয়কে আমন্ত্রণ জানাতে পেরে আমরা গর্বিত।”
অন্যদিকে কথক শিশু কিশোর নাট্য বিদ্যালয়ের নির্দেশক তুহিনশুভ্র মণ্ডল বলেন, “কলকাতার মতো বড় মঞ্চে আমন্ত্রণ পাওয়া আমাদের কাছে অত্যন্ত সম্মানের। গত পাঁচ বছর ধরে আমরা শিশু-কিশোর নাট্যচর্চার সঙ্গে যুক্ত। নাটকের শহর হিসেবে পরিচিত বালুরঘাটের নাম আমরা আরও দূরে পৌঁছে দিতে চাই।”
কলকাতার মঞ্চে প্রশংসিত বালুরঘাটের শিশু-কিশোর নাটক ‘আমরা কোন্ পথে হাঁটছি?’












Leave a Reply