বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমার অন্তর্গত প্রাথমিক, নিম্ন বুনিয়াদি, মাদ্রাসা ও শিশুশিক্ষা কেন্দ্রসমূহের ৪১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল পার-পতিরাম ফুটবল মাঠে।
অনুষ্ঠানের সূচনা হয় সভাপতি ও বিশিষ্ট অতিথিদের বরণ, জাতীয় পতাকা উত্তোলন এবং ক্রীড়াবিদদের শপথ বাক্য পাঠের মাধ্যমে। এরপর মাঠ পরিক্রমা, শান্তির দূত হিসেবে পায়রা ওড়ানো, পুতাগ্নি প্রজ্বলন ও পুনরায় মাঠ পরিক্রমা শেষে পুতাগ্নি প্রতিস্থাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সম্পন্ন হয়। গোটা মাঠজুড়ে সাজসজ্জা ও শৃঙ্খলাবদ্ধ আয়োজন উপস্থিত সকলের নজর কাড়ে।
এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি সন্তোষ হাঁসদা, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, জেলা বিদ্যালয় পরিদর্শক আবুল হাসান, RTO বোর্ড সদস্য মফিজুদ্দিন মিয়া, বিশিষ্ট সমাজসেবী মৃণাল সরকার, বিশিষ্ট আইনজীবী সুভাষ চাকি, সমাজসেবী প্রীতম রাম মন্ডল সহ বালুরঘাট মহকুমার অসংখ্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
জেলার অধিকাংশ শিক্ষক-শিক্ষিকা SIR-এর কাজে যুক্ত থাকা সত্ত্বেও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বালুরঘাট মহকুমা ক্রীড়া কমিটির যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ মোহন্ত ও গৌতম সরকার নিরলস পরিশ্রমে এই ক্রীড়া প্রতিযোগিতাকে এক প্রাণবন্ত ও সুশৃঙ্খল রূপ দিতে সক্ষম হন। তাঁদের উদ্যোগে মাঠ সজ্জা ও আয়োজন সকলের প্রশংসা কুড়িয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে DPSC চেয়ারম্যান সন্তোষ হাঁসদা জানান, আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর গঙ্গারামপুর স্টেডিয়ামে জেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্রতিযোগিতাও সফলভাবে সম্পন্ন হবে এবং দক্ষিণ দিনাজপুর জেলার ক্রীড়াবিদরা আগামী দিনে রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে জেলার নাম উজ্জ্বল করবে।
সামগ্রিকভাবে, ছাত্রছাত্রীদের খেলাধুলার প্রতি উৎসাহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে এই ক্রীড়া প্রতিযোগিতা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল বলে মত প্রকাশ করেন উপস্থিত অভিভাবক ও শিক্ষকমণ্ডলী।
পার-পতিরামে অনুষ্ঠিত হল বালুরঘাট মহকুমার ৪১তম বার্ষিক প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা।












Leave a Reply