পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানো ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার কথা মাথায় রেখে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বাবুয়া গ্রামের বাসিন্দাদের উদ্যোগে বুধবার একটি বিনামূল্যে রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বাবুয়া শিব-শীতলা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
এদিন একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শিবিরের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে গ্রামের বাসিন্দাদের পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার একাধিক বিশিষ্ট সমাজসেবী ও স্বেচ্ছাসেবকরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই শিবিরের মাধ্যমে একদিকে যেমন রক্তের ঘাটতি মেটানোর চেষ্টা করা হচ্ছে, তেমনই অন্যদিকে সাধারণ মানুষকে বিনামূল্যে চোখের পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
রক্তদান শিবিরে প্রায় ৬০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করবেন বলে উদ্যোক্তারা জানান। গ্রামবাসীদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, এই ধরনের সামাজিক ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি আরও বেশি করে আয়োজন করা প্রয়োজন।
রক্তের চাহিদা মেটাতে বাবুয়া শিব-শীতলা মন্দির প্রাঙ্গণে রক্তদান শিবির।












Leave a Reply