দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘদিন ধরে বেতন বকেয়া, উপযুক্ত পারিশ্রমিক প্রদান না করা সহ একাধিক দাবিতে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে বিক্ষোভে সামিল হলেন শতাধিক আশা কর্মী। এদিন কুশমন্ডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে গোটা কুশমন্ডি শহর পরিক্রমা করে।
হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। আন্দোলনরত আশা কর্মীরা জানান, দীর্ঘ চার মাস ধরে বেতন বকেয়া থাকায় চরম আর্থিক সংকটে দিন কাটাতে হচ্ছে তাঁদের।
এ বিষয়ে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের জেলা সম্পাদিকা নিবেদিতা লাহা সেন বলেন,
“আমাদের ন্যায্য দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সরকার যদি আমাদের সঙ্গে আলোচনায় বসে সমস্যার স্থায়ী সমাধান করে, তবেই আমরা কর্মবিরতি প্রত্যাহার করব।”
তিনি আরও অভিযোগ করেন, কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীদের পরিবারকে সরকারি ঘোষণামতো ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা এখনও দেওয়া হয়নি। এতে পরিবারগুলি চরম দুর্দশার মধ্যে পড়েছে।
এছাড়াও আন্দোলনকারীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার আশা কর্মীদের জন্য যে ইনসেনটিভ প্যাকেজ ঘোষণা করেছে, তা এখনও রাজ্য সরকার কার্যকর করেনি। এই অবস্থায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন আন্দোলনরত আশা কর্মীরা।
এই বিক্ষোভকে কেন্দ্র করে কুশমন্ডি ব্লক জুড়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ন্যায্য দাবিতে উত্তাল কুশমন্ডি, আশা কর্মীদের বিক্ষোভ মিছিল ঘিরে চাঞ্চল্য।












Leave a Reply