মোবাইল ব্যবহার থেকে রাস্তা পারাপার—সবেতেই সচেতনতার পাঠ।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত মধ্যশীরামপুর ভবতারিনী রায় গার্লস বালিকা বিদ্যালয়ে বুধবার এক গুরুত্বপূর্ণ সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে সাইবার ক্রাইম সচেতনতা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং রাস্তা নিরাপদে পারাপার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ছাত্রীদের সচেতন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ। তিনি ছাত্রীদের উদ্দেশ্যে সাইবার অপরাধের বিভিন্ন দিক তুলে ধরেন এবং মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে কীভাবে সতর্ক থাকতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অনলাইন প্রতারণা, ভুয়ো লিংক, অপরিচিত কল ও মেসেজ থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি।
পাশাপাশি বাল্যবিবাহের কুফল ও এর বিরুদ্ধে প্রচলিত আইন সম্পর্কে ছাত্রীদের সচেতন করেন আইসি বিশ্ববন্ধু চট্টরাজ। তিনি জানান, বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এটি কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যতের ওপর মারাত্মক প্রভাব ফেলে।
এছাড়াও রাস্তায় চলাচলের সময় ট্রাফিক নিয়ম মেনে কীভাবে নিরাপদে রাস্তা পার হতে হবে, সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। ট্রাফিক সিগন্যাল, জেব্রা ক্রসিং ও নিরাপদ পথচলার গুরুত্ব সম্পর্কে বাস্তব উদাহরণ দিয়ে ছাত্রীদের বোঝানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেবস্মিতা ভান্ডারী বলেন, এই ধরনের সচেতনতা শিবির ছাত্রীদের আত্মরক্ষা, সামাজিক সচেতনতা ও ভবিষ্যৎ গঠনে অত্যন্ত সহায়ক। তিনি পুলিশের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *