ফালাকাটায় এক বুথের প্রায় সব ভোটারকে শুনানির নোটিস, রাজনৈতিক শোরগোল।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা শহরের মসলাপট্টি এলাকার একটি বুথের প্রায় সমস্ত ভোটারকে শুনানির নোটিস পাঠানোকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এমনকি শুনানির নোটিস পেয়েছেন এলাকার দাপুটে তৃণমূল নেতা তথা আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভব্রত দে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ফালাকাটা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ঘটনাটি ফালাকাটা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ১৩/২০০ নম্বর বুথের। জানা গিয়েছে, ওই বুথে মোট ভোটার সংখ্যা ৫০৯ জন। তার মধ্যে এসআইআর (Special Intensive Revision) শুনানির জন্য নোটিস পাঠানো হয়েছে ৪৭৮ জন ভোটারকে। অথচ প্রত্যেকেরই নাম ২০০২ সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল বলে দাবি করা হয়েছে।
এসআইআর-এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই এই অস্বাভাবিক পরিস্থিতি সামনে আসে। শুনানির নোটিস পেয়ে সাধারণ নাগরিকদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অনেকেরই আশঙ্কা, বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে।
এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক শুভব্রত দে বলেন,
“বিজেপি ও সিপিএমের চক্রান্তেই এই ঘটনা ঘটেছে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও আমাকে শুনানিতে ডাকা হয়েছে। আমরা অবশ্যই শুনানিতে যাব। তবে শুনানিতে ডাকা একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায়, তাহলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।”
এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে ফালাকাটায় রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *