দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বর্ণাঢ্য শোভাযাত্রা ও মনোজ্ঞ ট্যাবলোর মধ্য দিয়ে গঙ্গারামপুরে সূচনা হল দক্ষিণ দিনাজপুর জেলার ৩০তম বইমেলার। বৃহস্পতিবার বেলা তিনটা নাগাদ গঙ্গারামপুর শহরের নিউমার্কেট থেকে শোভাযাত্রার সূচনা হয়। শহরের হাইস্কুল পাড়া, দত্তপাড়া ও চৌপথি পরিক্রমা করে শোভাযাত্রাটি গঙ্গারামপুর ফুটবল মাঠে এসে শেষ হয়। সেখানেই আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করা হয়।
এদিনের বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার, জেলা গ্রন্থাগারিক দেবব্রত কুমার দাস, গঙ্গারামপুর কলেজের অধ্যক্ষ ড. দীপক কুমার জানা এবং বঙ্গরত্ন পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক সুকুমার সরকার সহ বিশিষ্টজনেরা।
শোভাযাত্রায় গঙ্গারামপুর শহরের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশ নেয়। বই, শিক্ষা ও সংস্কৃতিকে তুলে ধরা ট্যাবলো এবং রঙিন শোভাযাত্রায় উৎসবমুখর হয়ে ওঠে গোটা শহর। এদিন ফিতে কেটে মেলা প্রাঙ্গনের উদ্ধোধন করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। এরপর নীলসাদা বেলুন,শান্তির প্রতীক পায়রা ও প্রদীপ প্রজ্জ্বল করে বই মেলার সূচনা করেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন অধ্যাপক ওম প্রকাশ মিশ্র,সাহিত্যিক প্রলয় মিত্র প্রমুক। বইমেলার সূচনার সঙ্গে সঙ্গে পাঠক ও বইপ্রেমীদের ভিড় চোখে পড়ে।
ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র বলেন,আমাদের জেলায় প্রতিবছরই বই মেলা হয়। এবার গঙ্গারামপুরে বই মেলা হচ্ছে। এতে গঙ্গারামপুর বাসী,ছাত্র ছাত্রীদের মধ্যে পৃথক ভাবে উৎসব আকার নিয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্টল গুলি এসেছে।
বই, শিক্ষা ও সংস্কৃতির মিলনমেলা: গঙ্গারামপুরে ৩০তম বইমেলার সূচনা।












Leave a Reply