আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- চুরি হয়ে যাওয়া একটি টোটো উদ্ধার করে তার প্রকৃত মালিকের হাতে তুলে দিল জটেশ্বর ফাঁড়ির পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শনিবার সকালে ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের পূর্ব ঝাড় বেলতলী এলাকার বাসিন্দা প্রকাশ বর্মন নিজের টোটো নিয়ে জটেশ্বর বাজারে আসেন। বাজার এলাকায় টোটোটি রেখে ব্যক্তিগত কাজে যান তিনি। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, তাঁর আয়ের একমাত্র অবলম্বন টোটোটি উধাও। ঘটনার পরই প্রকাশ বর্মন জটেশ্বর ফাঁড়িতে এসে বিষয়টি জানান। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই টোটো চুরির ঘটনার তদন্তে নামে জটেশ্বর ফাঁড়ির পুলিশ। শুরু হয় তল্লাশি ও খোঁজখবর। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার সকালে জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আলীনগর এলাকা থেকে চুরি যাওয়া ওই টোটোটি উদ্ধার করে পুলিশ। রবিবার সকালে টোটোর মালিক প্রকাশ বর্মনকে জটেশ্বর ফাঁড়িতে ডেকে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর তাঁর হাতে টোটোটি তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া টোটো ফিরে পেয়ে খুশি তিনি। টোটো ফিরে পেয়ে প্রকাশ বর্মন বলেন, পুলিশকে অনেক অনেক ধন্যবাদ। আমার আয়ের একমাত্র উৎসটি ফিরিয়ে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। জটেশ্বর ফাঁড়ির পুলিশের এই দ্রুত পদক্ষেপ ও তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের মতে, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে পুলিশের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
আয়ের একমাত্র অবলম্বন ফিরে পেয়ে স্বস্তিতে টোটোচালক, পুলিশের প্রশংসা এলাকাবাসীর।।












Leave a Reply