আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- দ্রুত রাস্তা তৈরির দাবিতে বুধবার জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হেদায়েতনগর বঙ্কিমের ব্রিজ এলাকায় পথ অবরোধে শামিল হলেন স্থানীয় গ্রামবাসীরা। জানা গিয়েছে, জটেশ্বর ট্রাফিক মোড় থেকে দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের আমতলা পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অন্তর্গত রাস্তার পুনর্নির্মাণের কাজ চলছে। অভিযোগ, ওই রাস্তার একাংশে কাজ সম্পূর্ণ হলেও হেদায়েতনগর বঙ্কিমের ব্রিজ থেকে জটেশ্বর ট্রাফিক মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ অংশে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রয়েছে। ফলে প্রতিদিনই চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এছাড়াও ধুলোর জেরে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে বলেও অভিযোগ গ্রামবাসীদের।এই অবস্থায় দ্রুত রাস্তার কাজ শুরু করার দাবিতে এদিন সকাল ১০ টা থেকে পথ অবরোধে করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত রাস্তার কাজ শুরু করা হবে এই আশ্বাস দেওয়া হলে সকাল সাড়ে ১১টা নাগাদ গ্রামবাসীরা পথ অবরোধ তুলে নেন। এরপর স্বাভাবিক হয় যান চলাচল। এ বিষয়ে WBSRDA-র জুনিয়র ইঞ্জিনিয়ার মহানন্দ বর্মন জানান, “দ্রুত রাস্তার কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কাজ থমকে, ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা।












Leave a Reply