পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- রাতের অন্ধকারে বাড়িতে আগুন লাগিয়ে মা ও ছেলেকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের হলদিয়া উন্নয়ন ব্লকের দেউলপোতা এলাকায়। ঘটনায় আহত হয়েছেন এক মা ও তাঁর ছেলে। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে একাধিক গবাদি পশুর। অভিযোগের ভিত্তিতে এক প্রতিবেশীকে আটক করেছে সুতাহাটা থানার পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে দেউলপোতা ২২২ নম্বর বুথ এলাকার বাসিন্দা বাসুদেব গিরির বাড়িতে এই ভয়াবহ ঘটনা ঘটে। জানা যায়, ঘটনার সময় বাড়িতে ছিলেন বাসুদেব গিরির স্ত্রী নিয়তী গিরি ও ছেলে শুভরঞ্জন গিরি। রাত প্রায় ১টা নাগাদ কুকুরের অস্বাভাবিক চিৎকারে ঘুম ভেঙে যায় শুভরঞ্জনের। বাইরে বেরিয়ে তিনি দেখতে পান, বাড়িতে আগুন লেগেছে এবং একজন ব্যক্তি রাস্তায় দিয়ে পালিয়ে যাচ্ছে।
ঘরের ভিতরে মা আটকে থাকায় তাঁকে উদ্ধার করতে গিয়ে শুভরঞ্জন ও নিয়তী গিরি দু’জনেই আগুনে পুড়ে গুরুতর আহত হন। প্রতিবেশীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং আগুনে একাধিক গবাদি পশুর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী রবি মুনাইয়ের সঙ্গে বাসুদেব গিরির দীর্ঘদিনের বিবাদ চলছিল। সেই বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে রবি মুনাইকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সুতাহাটা থানার পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।
রাতের অন্ধকারে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা! হলদিয়ার দেউলপোতায় চাঞ্চল্য , আহত মা ও ছেলে, মৃত্যু একাধিক গবাদি পশুর—প্রতিবেশীকে আটক পুলিশের।












Leave a Reply