মানুষ-প্রাণীর সংঘাতে উত্তপ্ত শিসাবাড়ি, হামলার পর চিতাবাঘের মৃত্যুকে ঘিরে তদন্ত শুরু।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- সোমবার বিকেলে ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের শিসাবাড়ি এলাকায় চিতাবাঘের আক্রমণে রণক্ষেত্রের চেহারা নিল মাগুরটারি গ্রাম। দিনদুপুরে কিশোরী সহ সাতজনকে জখম করার পর রহস্যজনকভাবে মৃত্যু হল পূর্ণবয়স্ক সেই চিতাবাঘটির। বনদপ্তরের প্রাথমিক অনুমান, উত্তেজিত জনতা পিটিয়ে মেরে ফেলেছে পশুটিকে।স্থানীয়দের দাবি, কারও ঘাড়ে, কারও মাথায় আবার কারও পায়ে কামড়ে দেয় বুনোটি। এই অতর্কিত হামলায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ এবং দলগাঁও রেঞ্জের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ তল্লাশির পর একটি সরষে ক্ষেতের ধারে চিতাবাঘটিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। বনদপ্তরের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, চিতাবাঘটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।লোকালয়ে ঢুকে পড়ার পর উন্মত্ত জনতার পিটুনিতেই ওই প্রাণীটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছেন বনকর্তারা। বন দফতর সূত্রে খবর, একটি চিতাবাঘের দেহ উদ্ধার হয়েছে। সেটিকে পিটিয়ে মারা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *