ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা : বাড়ির মালিককে ঘরের মধ্যে আটকে রেখে পাশের ঘর থেকে সোনা-গয়না চুরি করে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের কুঞ্জনগর পার্ক রোড এলাকায়। স্থানীয় বাসিন্দা হরেন বর্মন জানান, বুধবার রাতে পরিবার সহ তিনি ঘুমিয়ে ছিলেন। সেই সময় দুষ্কৃতীরা বাইরে থেকে ঘরের দরজা আটকে দেয়। এরপর পাশের ঘরে রাখা সোনা-গয়না চুরি করে চম্পট দেয় তারা। বাড়ির কাছেই একটি বিয়েবাড়িতে চলছিল ডিজে বাজনা। সেই কারণে চুরির সময় কোনও আওয়াজই তারা শুনতে পাননি বলে জানান হরেনবাবু। সকালে ঘুম ভেঙে দরজা খুলতে না পেরে বিষয়টি বুঝতে পারেন বাড়ির লোকজন। পরে জানালা দিয়ে বাইরে বেরিয়ে দেখা যায়, বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে পাশের ঘর থেকে সমস্ত সোনা-গয়না চুরি করা হয়েছে। চুরি যাওয়া গয়নার আনুমানিক মূল্য দু’লক্ষ টাকারও বেশি বলে জানান হরেন বর্মন। ঘটনার পর ফালাকাটা থানায় অভিযোগ জানানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
রাতের অন্ধকারে দুষ্কৃতীদের কাণ্ড, বাইরে থেকে দরজা আটকে চালাল সোনা লুট।












Leave a Reply