দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এল গভীর শোকের ছায়া। স্বনামধন্য সঞ্চালক ও বাচিক শিল্পী সঞ্জয় কর্মকারের অকাল প্রয়াণে স্তব্ধ হয়ে গিয়েছে গোটা শহর। যাঁর কণ্ঠ, উপস্থাপনা ও ব্যক্তিত্ব বালুরঘাটের সাংস্কৃতিক মঞ্চকে বছরের পর বছর আলোকিত করেছে, তাঁর এই আকস্মিক বিদায় মেনে নিতে পারছেন না অনুরাগীরা।
২৬শে জানুয়ারি, সোমবার বিকেলে প্রয়াত শিল্পীর স্মরণে তাঁর বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উদ্যোগে এবং বালুরঘাট সংকেত ক্লাবের সহযোগিতায় ক্লাবের নিজস্ব প্রাঙ্গণে এক শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভার আয়োজন করা হয়।
স্মরণসভায় উপস্থিত শিল্পী, সংস্কৃতিপ্রেমী ও শুভাকাঙ্ক্ষীরা সঞ্জয় কর্মকারের জীবনের নানা দিক, তাঁর মানবিকতা, সংস্কৃতির প্রতি নিষ্ঠা এবং সঞ্চালনা ও বাচিক শিল্পে তাঁর অনবদ্য অবদানের কথা স্মৃতিচারণ করেন। আবেগঘন মুহূর্তে অনেকেই তাঁর সঙ্গে কাটানো স্মরণীয় সময়ের কথা তুলে ধরেন।
সঞ্জয় কর্মকার ছিলেন বালুরঘাটের সংস্কৃতি জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর কণ্ঠস্বর, সংযত অথচ প্রাণবন্ত সঞ্চালনা ও শিল্পসত্তা তাঁকে মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে দিয়েছিল। তাঁর অকাল প্রয়াণে বালুরঘাটের সাংস্কৃতিক মঞ্চে যে শূন্যতা তৈরি হল, তা সহজে পূরণ হওয়ার নয় বলেই মত সংস্কৃতিপ্রেমীদের।
স্মরণসভায় উপস্থিত সকলেই প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অকাল প্রয়াণে স্তব্ধ বালুরঘাট, সঞ্চালক সঞ্জয় কর্মকারের স্মরণে শোকসভা।












Leave a Reply