পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- মায়ের অসুস্থতার কারণে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে না পারায় জীবনের প্রথম বড় পরীক্ষায় বসাই অনিশ্চিত হয়ে পড়েছিল এক ছাত্রীর। তবে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সেই ছাত্রীকে পরীক্ষায় বসার সুযোগ করে দিল মাধবডিহী থানার পুলিশ।
ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মাধবডিহী থানার অন্তর্গত আলমপুর–মাধবডিহী গ্রামের। পহলানপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র থেকে শেষ মুহূর্তে পুলিশকে জানানো হয়, একজন ছাত্রী এখনো পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারেনি। খবর পেয়েই তৎপর হয়ে ওঠেন মাধবডিহী থানার অফিসার ইনচার্জ সাকবির আহমেদ।
দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসাররা সঙ্গে সঙ্গে সেন্টারে থাকা সরকারি গাড়ি নিয়ে ছাত্রীটির বাড়িতে পৌঁছান। সেখান থেকে তাঁকে নিরাপদে পরীক্ষাকেন্দ্রে নিয়ে এসে পরীক্ষায় বসার সমস্ত ব্যবস্থা করেন। পরীক্ষা শেষ হওয়ার পর আবার পুলিশের গাড়িতেই তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রীটির মা গুরুতর অসুস্থ থাকায় সে একা পরীক্ষা কেন্দ্রে আসতে পারেনি। পুলিশের এই মানবিক উদ্যোগে অবশেষে জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসার সুযোগ পায় ওই ছাত্রী।
মাধবডিহী থানার এই মানবিক ভূমিকায় খুশি এলাকাবাসী। স্থানীয় মানুষজন অফিসার ইনচার্জ সাকবির আহমেদ ও তাঁর টিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। পরীক্ষার্থী নিজেও আবেগঘন কণ্ঠে পুলিশের এই সহানুভূতিশীল সহযোগিতার কথা জানায়।
এই ঘটনাই আবারও প্রমাণ করল—আইন রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই পুলিশের প্রকৃত পরিচয়।
মায়ের অসুস্থতায় পরীক্ষা দিতে না পারলেও পুলিশের মানবিকতায় জীবনের প্রথম পরীক্ষায় বসার সুযোগ পেল ছাত্রী।












Leave a Reply