দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার ত্রিমোহিনীতে বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বরেণ্য ঐতিহাসিক অধ্যাপক হিমাংশু কুমার সরকার–এর গবেষণাধর্মী ঐতিহাসিক গ্রন্থ “ইতিহাসের প্রেক্ষাপটে দক্ষিণ দিনাজপুর জেলার ত্রিমোহিনী শ্রী শ্রী বিকট কালীমাতা” আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল। প্রকাশ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শ্রী শ্রী বিকট কালী মাতার মন্দির প্রাঙ্গণে। অনুষ্ঠান শুরুর মুহূর্তে সম্প্রতি প্রয়াত মন্দিরের প্রধান পুরোহিত গৌতম ভট্টাচার্য–এর প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ইতিহাস, পুরাণ ও সমকালের স্মৃতিতে ঋদ্ধ এই গুরুত্বপূর্ণ গ্রন্থের প্রকাশ উপলক্ষে সাধারণ মানুষের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ ইতিহাসচেতনা ও সাংস্কৃতিক আবেশে মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. অশোক লাহিড়ী, বিধায়ক, বালুরঘাট বিধানসভা। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অঞ্জলি সরকার প্রাক্তন প্রধান শিক্ষিকা, হিলি বালিকা বিদ্যালয়, ডঃ নবকুমার দাস, প্রেসিডেন্ট, বালুরঘাট বি.এড. কলেজ, নারায়ণ ভট্টাচার্য, সৌমিত দাস, সংহিতা সরকার, ঋত্বিক সাহা, শ্যামল চক্রবর্তী, কালিদাস বোস সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানে মন্দির কমিটির পক্ষ থেকে সম্পাদক দেবদুলাল মন্ডল, সভাপতি রতন সরকার এবং অন্যান্য সদস্যরা অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান। গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ উপলক্ষে অধ্যাপক হিমাংশু কুমার সরকার ইতিহাসের দৃষ্টিভঙ্গিতে ত্রিমোহিনী ও শ্রী শ্রী বিকট কালীমাতার উপাসনা-ঐতিহ্যের নানা দিক আলোকপাত করেন। প্রধান অতিথি ড. অশোক লাহিড়ী স্থানীয় এলাকার প্রাচীন ঐতিহাসিক নিদর্শন ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতিহাস অনুসন্ধান পরিষদের যুগ্ম সম্পাদক সূরজ দাশ। মন্দির কমিটির সভাপতি রতন সরকারের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
প্রকাশ অনুষ্ঠান
তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬
সময়: বেলা ২টা
স্থান: শ্রী শ্রী বিকট কালী মাতার মন্দির প্রাঙ্গণ, ত্রিমোহিনী, দক্ষিণ দিনাজপুর












Leave a Reply