সরকারি পরিষেবা পেতে এক ছাতার তলায় বহু প্রকল্প, সাড়া আলিপুরদুয়ারে।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘বাংলার যুব সাথী’-র ক্যাম্প শুরু হতেই ফালাকাটায় যুবক-যুবতীদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেল। মঙ্গলবার ফালাকাটা পুরসভায় আয়োজিত ক্যাম্পে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন বহু আবেদনকারী। শুধু ‘যুব সাথী’ প্রকল্পই নয়, একই ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার ও কৃষক বন্ধু প্রকল্পের আবেদনও গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়েছে। ফলে একসঙ্গে বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়ার সুযোগ পেয়ে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিকে আবেদন প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে এবং সাধারণ মানুষ যাতে কোনও রকম হয়রানির শিকার না হন, সেই লক্ষ্যে বিশেষ সহায়তা কেন্দ্র খোলে ফালাকাটা টাউন ব্লক তৃণমূল যুব কংগ্রেস। সেখানে উপস্থিত থেকে নাগরিকদের পাশে দাঁড়ান আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভব্রত দে। এদিন তিনি আবেদনকারীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফালাকাটা টাউন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নিলাম নন্দী সহ অন্যান্য নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *