দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট পুরসভায় তিন এমসিআইসি নিয়োগ, শপথ গ্রহণ অনুষ্ঠান সুবর্ণতটে
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাট পুরসভায় বুধবার তিনজন নতুন এমসিআইসি (Member-in-Council) নিয়োগ করা হল। এদিন পুরসভার সুবর্ণতট সভাকক্ষে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে এমসিআইসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মহেশ পারখ, বিপুল কান্তি ঘোষ এবং অনজ সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা, ভাইস চেয়ারম্যান মুনমুন কর, বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ চাকি সহ অন্যান্য কাউন্সিলররা। চেয়ারম্যান সুরজিৎ সাহা নবনিযুক্ত তিন এমসিআইসিকে শপথ বাক্য পাঠ করান।
উল্লেখ্য, এই তিনজনই প্রাক্তন চেয়ারম্যান অশোক কুমার মিত্রের আমলেও এমসিআইসি পদে দায়িত্বে ছিলেন। প্রায় দেড় মাস আগে তৃণমূল কংগ্রেসের ১৪ জন কাউন্সিলর অশোক মিত্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। পরবর্তীতে দলীয় নির্দেশে তিনি পদত্যাগ করেন। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন সুরজিৎ সাহা এবং ভাইস চেয়ারম্যান হন মুনমুন কর। তবে এতদিন এমসিআইসি নিয়োগ না হওয়ায় প্রশাসনিক কাজে কিছুটা অসুবিধা হচ্ছিল বলে জানান চেয়ারম্যান।
সুরজিৎ সাহা বলেন, “প্রায় এক মাস ধরে আমি চেয়ারম্যান হিসেবে কাজ করছি। এমসিআইসি নিয়োগ না হওয়ায় কাজ করতে অসুবিধা হচ্ছিল। আজ নিয়োগ হওয়ায় কাজের গতি বাড়বে।”
তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে অশোক কুমার মিত্র ও তাঁর অনুগামী চার কাউন্সিলরকে দেখা যায়নি। এ প্রসঙ্গে সুভাষ চাকি জানান, “আমি ব্যক্তিগতভাবে সকলকে আমন্ত্রণ জানিয়েছিলাম। দলীয় কর্মসূচি থাকায় তাঁরা উপস্থিত থাকতে পারেননি। এর মধ্যে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। দলীয় নির্দেশেই এমসিআইসি নিয়োগ হয়েছে, যেমনভাবে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নিয়োগ করা হয়েছিল।
অনাস্থার পর নতুন বোর্ডে জোরদার কাজের বার্তা, তিন এমসিআইসি শপথ নিলেন।












Leave a Reply