আগুন ও প্লাস্টিক বর্জনের বার্তা, বন সংলগ্ন গ্রামে সচেতনতা অভিযান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পরিবেশ রক্ষা এবং বন্যপ্রাণের নিরাপত্তা সুনিশ্চিত করতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার ‘বগড়ি প্রবাহিকা সংসদ’ ও ‘বগড়ি দর্পণ’ পত্রিকা। বৃহস্পতিবার হুমগড় রেঞ্জ অফিস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা হয়।
অনুষ্ঠানের প্রারম্ভে সেইসব অকুতোভয় প্রকৃতিপ্রেমীদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়, যাঁরা গত বছর বগড়ি প্রবাহিকা সংসদের সম্পাদক সৌরভ দাসের বিশেষ আহ্বানে সাড়া দিয়ে বনভূমিকে আগুনের গ্রাস থেকে বাঁচাতে নিঃস্বার্থভাবে এগিয়ে এসেছিলেন। এছাড়াও সারা বছর যাঁরা ব্যক্তিগত উদ্যোগে বন্যপ্রাণ রক্ষায় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেন, তাঁদের এই মঞ্চ থেকে সম্মানিত করা হয়।
সংবর্ধনা সভা শেষে একটি সচেতনতামূলক বাইক র‍্যালি বন সংলগ্ন বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে। র‍্যালি চলাকালীন জঙ্গলের ভেতর ও লোকালয়ে সচেতনতামূলক পোস্টার লাগানো হয়। সংগঠনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের অরণ্যে আগুন না লাগানো, প্লাস্টিক বর্জন, জল অপচয় রোধ এবং বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধির আবেদন জানানো হয়। উপস্থিত অতিথিবর্গ তাঁদের বক্তব্যের মাধ্যমে পরিবেশ রক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন।
এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে উৎসাহ প্রদান করেন হুমগড় বনবিভাগের আধিকারিক মলয় ঘোষ
, বগড়ি প্রবাহিকা সংসদের সভাপতি শঙ্কর মহাপাত্র,
পঞ্চায়েত সমিতির সভাপতি দীনবন্ধু দে,
​ডঃ বিকাশ জানা সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *