নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- রাজ্যজুড়ে সড়ক পরিকাঠামোর ভোলবদল করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত ‘পথশ্রী’ প্রকল্পের চতুর্থ পর্যায়ের কাজ শুরু হয়েছে জেলায় জেলায়। সেই ধারা বজায় রেখে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের মালঞ্চা এলাকায় একটি গুরুত্বপূর্ণ রাস্তার কাজের শিলান্যাস সম্পন্ন হলো। প্রশাসনিক সূত্রে খবর, দীর্ঘ প্রতীক্ষিত এই সড়কটি সংস্কারের জন্য রাজ্য সরকারের তহবিল থেকে বরাদ্দ করা হয়েছে প্রায় ৩১ লক্ষ টাকা।
বুধবার সকাল ১১টা নাগাদ বালুরঘাট পঞ্চায়েত সমিতির মালঞ্চা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের ফলক উন্মোচন করা হয়। খানপুর মোড় থেকে অযোধ্যা মেইন রোড পর্যন্ত প্রায় ৭০০ মিটার দৈর্ঘ্যের এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল। যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হতো এলাকাবাসীকে। ‘পথশ্রী-৪’ প্রকল্পের হাত ধরে সেই সমস্যার স্থায়ী সমাধান হতে চলায় খুশির হাওয়া এলাকায়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য অশোক কৃষ্ণ কুজুর, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, সদস্য রত্না ওরাও এবং অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবদূত বর্মন। উপস্থিত জনতাকে আশ্বস্ত করে অরূপবাবু বলেন, “মুখ্যমন্ত্রীর মানবিক উদ্যোগে রাজ্যের নিজস্ব তহবিল থেকে এই কাজ সম্পন্ন হচ্ছে। এই রাস্তাটি সংস্কার হলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং স্থানীয় অর্থনীতিতেও গতি ফিরবে।”
প্রশাসন সূত্রের খবর, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দ্রুত গতিতে কাজ শেষ করে জনসাধারণের জন্য রাস্তাটি খুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কৃষিপ্রধান এই এলাকায় যাতায়াত ব্যবস্থা উন্নত হলে কৃষিজ পণ্য পরিবহনেও সুবিধা হবে বলে মনে করছেন জেলা প্রশাসনের আধিকারিকরা।
বেহাল সড়কের দিন শেষ, বালুরঘাটে পথশ্রী প্রকল্পে নতুন আশার আলো।।












Leave a Reply