মালদা, নিজস্ব সংবাদদাতা:- বাংলা আবাস যোজনায় আবারও দুর্নীতির অভিযোগ। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পাল্টে দিয়ে একজনের টাকা অন্যজনের একাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব প্রকৃত উপভোক্তারা। অভিযোগ অস্বীকার উপ প্রধানের। মালদার কালিয়াচক তিন নম্বর ব্লকের চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনায় শুরু রাজনৈতিক চাপানউতোর।
ইংলিশবাজারের পর এবার কালিয়াচকের চরি অনন্তপুর। ট্যাব কেলেঙ্কারির আদলে আধার নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করে আবাস যোজনার টাকা লোপাটের চেষ্টা। প্রকৃত উপভোক্তার পরিবর্তে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢুকলো অন্য উপভোক্তার অ্যাকাউন্টে। ফোনে টাকা প্রাপ্তির ম্যাসেজ দেখে ব্যাংকে গিয়ে বিষয়টি নজরে আসে আদরি মন্ডলের। তারপর বিভিন্ন দপ্তর ঘুরে জানতে পারেন তার টাকা চলে গেছে অন্য একাউন্টে। এরপর ব্লক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। আদরি মন্ডল ও তার পুত্র রমল মণ্ডলের সরাসরি অভিযোগ, এই দুর্নীতির সাথে জড়িয়ে রয়েছেন এলাকার উপপ্রধান। মদত রয়েছে প্রধানের। অভিযুক্তদের শাস্তির দাবি করেছেন তারা।
এলাকায় বেশ কয়েকজনের সাথে এই ঘটনা ঘটেছে বলে মেনে নিয়েছেন চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্যামল মন্ডল। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।












Leave a Reply