মালদা, নিজস্ব সংবাদদাতা:– এক বন্ধুর ছবি ব্যবহার করে ফেক ফেসবুক প্রোফাইল চালাচ্ছিল অপর এক বন্ধু। যার প্রতিবাদ করতে গিয়ে বন্ধু ও তার বাবার মারধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল প্রতিবাদী বন্ধুর। এমনই অভিযোগকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হল মালদার মানিকচক থানার চৌকি মীরদাদপুর অঞ্চলের সাহেবনগর এলাকায়। জানা গেছে, মৃত বন্ধুর নাম সোহেল। এবং অভিযুক্ত বন্ধুর নাম আমরাজ এবং তার বাবার নাম সেখ ফিজুর। মৃত যুবক’সোহেলের পরিবারবর্গের অভিযোগ, সোহেল এবং আমরাজ দুজনেই সাহেবনগর হাইস্কুলে পড়াশোনা করে। তারা দুই বন্ধু ছিল। এই বন্ধুত্বের সুযোগ নিয়েই আমরাজ সোহেলের ছবি ব্যবহার করে ফেসবুকে একটি ফেক প্রোফাইল চালাচ্ছিল এবং সেই প্রোফাইল থেকে সে গ্রামের মেয়েদের নানাভাবে অশ্লীল ম্যাসেজ দিচ্ছিল বলে অভিযোগ। যা সোহেল জানতে পেরে গত রবিবার আমরাজের বাড়ি গিয়ে প্রতিবাদ জানায়। আর এই প্রতিবাদের কারণেই আমরাজ এবং তার বাবা দুজনকে মিলে সোহেলকে লাঠিসোটা ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারধরের জেরে সোহেল গুরুতর আহত হয়। প্রথমে তাকে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। পরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নততর চিকিৎসার জন্য সোহেলকে কোলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সোহেলের মৃত্যু হয় বলে খবর।
সাহেবনগরে নৃশংস মারধরের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু।












Leave a Reply