পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: প্রবীণ মানুষদের উপর নির্যাতন প্রতিরোধে সচেতনতা বাড়াতে বিশেষ শিবিরের আয়োজন করা হলো ডেবরায়। জেলা সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় প্রবীণ নাগরিকদের আইনি অধিকার ও সামাজিক সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কেন্দ্রের আইনি সহায়ক কাজী মহম্মদ মুর্তাজা। তিনি বলেন, দেশে প্রবীণদের সুরক্ষার জন্য মজবুত আইনি ব্যবস্থা রয়েছে। আইনি সচেতনতা বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করলেই প্রবীণদের উপর অত্যাচার অনেকাংশে প্রতিহত করা সম্ভব।
এদিনের সভায় আরও উপস্থিত ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল চন্দ্র মণ্ডল, জেলা সমাজ কল্যাণ দপ্তরের কাউন্সিলর অমল কুমার মান্না, পাশকুরা কলেজের অধ্যাপক তাপস কুমার পাল এবং চককুমার অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল সার্ভিসের সাধারণ সম্পাদক ত্রিদিব দাস বেরা প্রমুখ।
চককুমার অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল সার্ভিসের সভাকক্ষে আয়োজিত শিবিরের উদ্বোধন করেন বাদল চন্দ্র মণ্ডল। তিনি প্রবীণ নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান এবং রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের বিষয় তুলে ধরেন।
আইনি সহায়ক কাজী মহম্মদ মুর্তাজা জানান, সম্পূর্ণ বিনামূল্যে প্রবীণ নাগরিকরা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছ থেকে সকল প্রকার আইনি সহায়তা পেতে পারেন। তিনি বলেন, প্রবীণ নাগরিকরা তাঁদের সন্তানদের কাছ থেকে খোরপোষ পাওয়ার অধিকারী। যদি কোনো সন্তান সম্মানজনকভাবে খোরপোষ না দেন, তবে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। এমনকি জমির দলিল সন্তানের নামে করে দেওয়ার পর যদি নির্যাতনের শিকার হন, সেক্ষেত্রে আইন অনুযায়ী সেই দলিল বাতিল করে প্রবীণ ব্যক্তির নামে পুনরায় ফিরিয়ে দেওয়ার বিধানও রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরাও প্রবীণদের অধিকার ও সুরক্ষা বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন।
প্রবীণদের উপর নির্যাতন রুখতে সচেতনতা শিবির ডেবরায়।












Leave a Reply