এক বিঘা জমির কলাবাগান ধ্বংস, অভিযুক্ত কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ।

সব খবর, নিজস্ব সংবাদদাতা: রাতের অন্ধকারে এক বিঘা জমির ফলন্ত কলাগাছ কেটে ধ্বংস করে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
অভিযোগের তীর বাবু, রহিদুল, কামাল, জালাল মণ্ডল, আক্তারুল ও সাহেব নামে কয়েকজনের দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০০ বছর ধরে রহাসেন মণ্ডল ওই জমিতে চাষাবাদ করে আসছেন এবং জমির বৈধ কাগজপত্রও রয়েছে। বর্তমানে তাঁর ছয় পুত্র সেই জমির দেখভাল করেন।
সম্প্রতি জমিতে ফলন্ত কলাগাছ থাকায় রাতের অন্ধকারে দুষ্কৃতীরা গাছগুলো কেটে সম্পূর্ণ নষ্ট করে দেয় বলে অভিযোগ। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের। ঘটনায় রহাসেন মণ্ডলের ছেলেরা কার্যত দিশেহারা হয়ে পড়েছেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারাও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রহাসেন মণ্ডলের পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *