অনৈতিক বদলির অভিযোগে বালুরঘাটে শিক্ষক সংগঠনের বিক্ষোভ।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা, ১৬ মার্চ: শিক্ষকদের বদলি নিয়ে ক্ষোভে উত্তাল হল বালুরঘাট। শিক্ষক সংগঠনগুলিকে না জানিয়ে রাতের অন্ধকারে শিক্ষকদের অনৈতিক ও অবৈধভাবে বদলি করা হয়েছে—এই অভিযোগ তুলে সোমবার বিক্ষোভ দেখাল বামপন্থী শিক্ষক সংগঠনগুলি।
জানা গিয়েছে, স্কুল ছুটির পর কয়েকশো শিক্ষক দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল (ডিপিএসসি) অফিসে জমায়েত হন। সেখানে অনৈতিক বদলির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এদিন শিক্ষক নেতা শংকর ঘোষ অভিযোগ করেন, গত ১৩ মার্চ সন্ধ্যায় ডিপিএসসি-র বর্তমান চেয়ারম্যান কোনও নিয়মনীতি না মেনে কিছু শিক্ষকের বদলির তালিকা প্রকাশ করেছেন। তাঁর দাবি, ছাত্র-শিক্ষক অনুপাতের বিষয়টি না মেনেই এই বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সম্প্রতি ভোট ঘোষণা হওয়ায় এই বদলির ফলে সংশ্লিষ্ট শিক্ষকদের ভবিষ্যতে পদোন্নতি ও অবসরের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। পাশাপাশি এর ফলে বিদ্যালয়ের পড়াশোনার পরিবেশও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রতিবাদে শিক্ষকরা ডিপিএসসি অফিসের সামনে কিছু সময়ের জন্য জাতীয় সড়ক অবরোধ করেন। পরে তারা দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের দপ্তর-এ গিয়ে একটি ডেপুটেশন জমা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *