মালদা, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পরই দলীয় অন্দরে ক্ষোভ-বিক্ষোভের ছবি সামনে আসতে শুরু করেছে। মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী তাজমুল হোসেন টিকিট না পেয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন।
তিনি অভিযোগ করে বলেন, “যারা পার্টির ‘প’ জানে না, তাদের টিকিট দেওয়া হয়েছে। দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।” তাঁর দাবি, দীর্ঘদিন ধরে দলের সমস্ত কর্মসূচি নিষ্ঠার সঙ্গে পালন করেও এবার তাঁকে প্রার্থী করা হয়নি।
তাজমুল হোসেনের কথায়, “পার্টির সমস্ত প্রোগ্রাম অক্ষরে অক্ষরে পালন করেছি। তা সত্ত্বেও টিকিট পেলাম না। এটা আমার সঙ্গে অন্যায়।” প্রার্থী তালিকায় নিজের নাম না থাকায় তিনি গভীরভাবে হতাশ ও ক্ষুব্ধ বলেই স্পষ্ট।
প্রসঙ্গত, প্রার্থী তালিকা প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের অন্দরে অসন্তোষের চিত্র সামনে এসেছে। কোথাও টিকিট না পাওয়ায় বিদায়ী বিধায়কদের ক্ষোভ, আবার কোথাও প্রার্থী পছন্দ না হওয়ায় দলীয় কর্মী-সমর্থকদের বিক্ষোভ দেখা যাচ্ছে।
রাজনৈতিক মহলের মতে, নির্বাচন যত এগোবে, এই অভ্যন্তরীণ ক্ষোভ তৃণমূলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
টিকিট না পেয়ে ক্ষোভে ফুঁসছেন তাজমুল হোসেন, তৃণমূলের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতা’র অভিযোগ।












Leave a Reply