দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- জনবহুল এলাকায় ভরদুপুরে অ্যাসিড হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। শনিবার দুপুরে রঘুনাথপুর বিএম হাইস্কুলের সামনে এই ঘটনায় গুরুতর জখম হন সন্তোষী রজক (৩৯), যিনি বালুরঘাট জেলা হাসপাতালের ইউএসজি বিভাগের অস্থায়ী কর্মী। বর্তমানে তিনি বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের বার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কাজ সেরে টোটো করে বাড়ি ফিরছিলেন সন্তোষী দেবী। অভিযোগ, রঘুনাথপুর বিএম হাইস্কুলের কাছে পৌঁছতেই স্কুলের পাঁচিলের আড়াল থেকে আচমকা তাঁর দিকে অ্যাসিড ছোঁড়া হয়। এতে তাঁর বাম হাত ও পায়ের বেশ কিছু অংশ ঝলসে যায়। অ্যাসিডের তীব্রতায় টোটোরও কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
মহিলার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি অ্যাসিড ভর্তি বোতল উদ্ধার করেছে।
আক্রান্তের পরিবারের দাবি, জমি বিক্রি সংক্রান্ত বিবাদের জেরেই এই হামলা চালানো হয়েছে। তাদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে অশান্তি চলছিল এবং ঘটনার দিনও দুই অচেনা যুবক এসে হুমকি দিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং টোটো চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জেলা পুলিশ সুপার Chinmoy Mittal জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
বালুরঘাটে ভরদুপুরে অ্যাসিড হামলা, গুরুতর জখম মহিলা।












Leave a Reply