মানব পাচার ও বাল্যবিবাহ রুখতে হিলিতে সচেতনতা শিবির, শপথ নিল ছাত্রছাত্রীরা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মানব পাচার ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতা বাড়াতে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের মানিকো আদিবাসী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হল একটি সচেতনতা শিবির। এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট (বিএন বিএসএফ) হিলি বিওপি-র উদ্যোগে এবং উজ্জীবন সোসাইটির সহযোগিতায় এই শিবির অনুষ্ঠিত হয়।
শিবিরে ছাত্রছাত্রীদের মানব পাচার প্রতিরোধ, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, মোবাইল ফোনের অপব্যবহার এবং সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিক সম্পর্কে বিস্তারিতভাবে সচেতন করা হয়। উপস্থিত বক্তারা বাস্তব জীবনের উদাহরণ তুলে ধরে শিক্ষার্থীদের সতর্ক করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফ আধিকারিক হানুতা রাম, সুজয় হালদার এবং শিশু সুরক্ষা কর্মী সুরজ দাস। তাঁরা বলেন, সচেতনতা, শিক্ষা ও সাহসিকতাই পারে এই ধরনের অপরাধ রুখে দিতে।
এদিন বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে ছাত্রছাত্রীরা বাল্যবিবাহ প্রতিরোধের শপথ গ্রহণ করে। তারা ভবিষ্যতে নিজেদের এলাকা থেকে এই সামাজিক কুপ্রথা নির্মূল করার অঙ্গীকার করে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রতীক রাম মন্ডল জানান, “আগামী দিনেও এই ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়া হবে, যাতে বিশেষ করে প্রান্তিক এলাকার শিশুদের সুরক্ষা নিশ্চিত করা যায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *