ইংরেজবাজারে বিজেপির প্রার্থী ঘোষণা না হতেই প্রচারে তৃণমূল, বিজেপি কাউন্সিলরের বাড়িতে গিয়ে ভোট চাইলেন আশীষ কুন্ডু।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে এখনও বিজেপির প্রার্থী ঘোষণা না হওয়ায় ধোঁয়াশায় রয়েছে দলীয় নেতৃত্ব থেকে কর্মীরা। এই পরিস্থিতিতেই ভোট প্রচারে নেমে বিজেপি কাউন্সিলরের বাড়িতে গিয়ে ভোট চাইলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আশীষ কুন্ডু।
শুক্রবার ইংরেজবাজার পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কলতাপাড়া এলাকায় তৃণমূলের সমর্থনে প্রচার চালান আশীষ কুন্ডু। সেই সময় বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জি তাঁর পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে প্রার্থীকে স্বাগত জানান। এরপর তৃণমূল প্রার্থী তাঁর কাছে ও তাঁর পরিবারের কাছে ভোটের আবেদন জানান।
এ বিষয়ে আশীষ কুন্ডু বলেন, “উনি আমার বোনের মতো। তাই তাঁর পরিবারের গুরুজনদের প্রণাম করে ভোট চেয়েছি।” পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেন, বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি। আগের বিধায়কও মানুষের পাশে ছিলেন না এবং উন্নয়নমূলক কাজ হয়নি বলেও অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, এবারের নির্বাচনে ইংরেজবাজারের মানুষ তৃণমূলকেই আশীর্বাদ করবেন।
অন্যদিকে বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জি বলেন, “যে কোনও দলের প্রার্থীই প্রচারে এসে ভোট চাইতে পারেন, এটা তাঁর অধিকার। পাড়ায় এসেছেন, তাই স্বাগত জানিয়েছি। তবে তৃণমূল এখানে জিততে পারবে না, বিজেপিই বিপুল ভোটে জয়ী হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *