আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: – বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা ঘিরে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা কেন্দ্রে বিজেপির অন্দরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। শুক্রবার এক নম্বর মণ্ডলের অন্তর্গত বীরপাড়া এলাকায় ক্ষুব্ধ বিজেপি কর্মীরা দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান।
জানা গিয়েছে, সম্প্রতি বিজেপির তরফে মাদারিহাট বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে লাক্সমান লিম্বুর নাম ঘোষণা করা হয়। এরপরই স্থানীয় কর্মী-সমর্থকদের একাংশের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত এবং এলাকায় সক্রিয় নেতাদের উপেক্ষা করে এই প্রার্থী নির্বাচন করা হয়েছে। ফলে সংগঠনের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
ক্ষুব্ধ কর্মীদের দাবি, অবিলম্বে লাক্সমান লিম্বুকে প্রার্থী পদ থেকে সরিয়ে এমন একজনকে প্রার্থী করা হোক, যিনি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত এবং এলাকার মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন। দাবি না মানা হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।
এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মাদারিহাটে বিজেপি প্রার্থী ঘোষণার পর ক্ষোভ, কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ।












Leave a Reply