ইংরেজবাজারে নেতাজি কমার্শিয়াল মার্কেটে ছাদ ধস, মৃত ১, আশঙ্কাজনক আহত ২।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা শহরের ইংরেজবাজারে নেতাজি কমার্শিয়াল মার্কেটে ভয়াবহ দুর্ঘটনায় এক নাইট গার্ডের মৃত্যু এবং দুইজন গুরুতর আহত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত থেকে লাগাতার বৃষ্টির জেরে বহুদিনের পুরনো ও জরাজীর্ণ ভবনের ছাদের একাংশ আচমকাই ভেঙে পড়ে। সেই সময় সেখানে থাকা এক নাইট গার্ড ঘটনাস্থলেই মারা যান এবং এক সাফাই কর্মী-সহ আরও একজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পরপরই দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গ্যাস কাটার ও জেসিবি মেশিনের সাহায্যে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ইংরেজবাজার কেন্দ্রের তৃণমূল প্রার্থী আশিষ কুণ্ডু, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ি এবং সিপিএম নেতা অম্বর মিত্র সহ অন্যান্যরা।
এদিকে, মালদা মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মার্কেটের ওই অংশ দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। একাধিকবার সংস্কারের দাবি জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এই অবহেলার জেরেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাদের।
ঘটনাকে কেন্দ্র করে পৌরসভার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন ব্যবসায়ী ও বিরোধী নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *