মালদা, নিজস্ব সংবাদদাতা:- একদিনের বৃষ্টিতেই ফের ধস নামল মালদা-নালাগোলা রাজ্য সড়কের গুরুত্বপূর্ণ আইহো ব্রিজে। সম্প্রতি সংস্কারের কাজ শেষ হওয়ার পরই ব্রিজের গার্ডওয়ালের একাংশ ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
এই ব্রিজের উপর নির্ভর করেই প্রতিদিন প্রায় ৮০টি বাসসহ এক হাজারেরও বেশি যানবাহন চলাচল করে। ফলে ব্রিজের এই অবস্থায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের দাবি, কয়েকদিন আগেই কাজ শেষ হলেও এত দ্রুত ধস নামা নির্মাণের গুণমান নিয়ে প্রশ্ন তুলছে।
এদিকে, ব্রিজ সংলগ্ন একটি বাড়িতেও ধস নেমেছে বলে অভিযোগ। বাড়ির মালিক জানান, পিডব্লিউডি-র কাজ চলাকালীন রাস্তার মাটি বাড়ির পাশে ফেলে রাখায় জলনিকাশির পথ বন্ধ হয়ে যায়। বৃষ্টির জল জমে সেই চাপেই বাড়ির মাটির তলা ভেঙে গিয়ে ঘরের ভিতরে বড় গর্ত তৈরি হয়েছে। এতে নগদ টাকা-পয়সা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মাটির নিচে চাপা পড়ে যায়।
ঘটনাস্থলে ধস দেখতে গিয়ে এক ব্যক্তির পা আটকে পড়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। যদিও বড় বিপদ এড়ানো গিয়েছে বলে স্থানীয়রা জানান।
অভিযোগ, বিষয়টি জানানো হলেও স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে তেমন কোনও উদ্যোগ নেওয়া হয়নি। ভোটের প্রাক্কালে এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী।
ঘটনার পর সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসতেই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ব্রিজ এলাকায় ব্যারিকেড বসানো হয়। তবে ঠিকাদার সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো প্রতিক্রিয়া মেলেনি।
একদিনের বৃষ্টিতেই ধস আইহো ব্রিজে, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা।












Leave a Reply