মালদা, নিজস্ব সংবাদদাতা:- হৃদরোগে আক্রান্ত হয়ে এক বুথ লেভেল অফিসার (বিএলও)-র মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদার চাঁচল-২ নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের নদাপাড়া এলাকায়। রবিবার এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।
জানা গিয়েছে, মৃতের নাম উৎপল থোকদার (৫৪)। পেশায় তিনি এক হাইস্কুলের প্যারাটিচার ছিলেন এবং নদাপাড়া ৯৩ নম্বর বুথে বিএলও-র দায়িত্বে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই বুথের প্রায় ১১০ জন ভোটারের নাম বর্তমানে যাচাই (SIR) প্রক্রিয়ায় বিচারাধীন রয়েছে। এই বিষয়টি নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই মানসিক চাপে ছিলেন। পরিবারের অভিযোগ, এসআইআর-এর কাজের অতিরিক্ত চাপের কারণেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
রবিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছেন পরিজনরা। পাশাপাশি তাঁরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারি সাহায্য ও সহযোগিতার জন্য আবেদন জানিয়েছেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের পাশাপাশি নানা প্রশ্নও উঠতে শুরু করেছে।
চাঁচলে হৃদরোগে মৃত্যু বিএলও-র, এসআইআর কাজের চাপে মৃত্যুর অভিযোগ।












Leave a Reply